শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নিলে ব্যবস্থা : ওবায়দুল কাদের
২০ অক্টোবর ২০১৫, ১২:৪৫ এএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের সকল বাস থেকে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়ার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারি পরিবহন বিআরটিসি সহ অন্যান্য বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নিলে ব্যবস্থা নেয়া হবে।
আজ সোমবার সড়ক পরিবহন মন্ত্রী রাজধানীর বিআরটিসি কার্যালয়ে ডিপো ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীরা সরকারি পরিবহন বিআরটিসি সহ অন্যান্য বাসে হাফ ভাড়া দিবে। বাসগুলো তাদের কাছ থেকে হাফ ভাড়া না নিলে সঙ্গে সঙ্গে অভিযোগ করবেন। কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বৈঠকে ডিপো ব্যবস্থাপকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে বিভিন্ন রুটে বিআরটিসি অতিরিক্ত ভাড়া আদায় করছে। এসব অচিরেই বন্ধ করতে হবে। না হলে বাসগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





























