জাতিসংঘে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন প্রধানমন্ত্রী

মুহাম্মদ ইসমাইল হাসান

২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম


জাতিসংঘে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা, জাতীয় স্বার্থ, গণমানুষের অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয় তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহ্দী আমিন বলেন, দেশের মানুষের দেশপ্রেম, আবেগ, অনুভূতি ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প কী হওয়া উচিত, কীভাবে দেশের স্বার্থ সুরক্ষিত রাখা যায় এবং কীভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা যায়—এসব বিষয় বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে সংক্ষিপ্ত উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, যাতায়াতের সময় বাদ দিলে নিউইয়র্কে চার কর্মদিবস অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এ সময়ে তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মসূচি এবং অন্যান্য কূটনৈতিক আয়োজনে অংশ নেবেন।

তিনি বলেন, এবারের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনামূলক ছোট একটি সরকারি বহর রয়েছে। এর পাশাপাশি নিরাপত্তা, গণমাধ্যম ও ব্যক্তিগত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কর্মীরাও রয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও নিউইয়র্ক সফরে রয়েছেন।

মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। জাতিসংঘ মহাসচিবের আয়োজিত ওয়েলকাম ব্রেকফাস্টে অংশ নেওয়ার পর তিনি জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়ও গুরুত্ব পাবে বলে এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে, সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর এবারের সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া। তাই আলাদা দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ সীমিত হতে পারে।

Ads