রামপুরা রণক্ষেত্র! সংঘর্ষে পুলিশ-শিক্ষার্থী
১০ সেপ্টেম্বর ২০১৫, ০৬:৩৬ এএম
প্রতিদিনের চিত্র প্রতিবেদক
সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে গতকাল বুধবার রাজধানীর রামপুরা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঐ সংঘর্ষে ওই বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রারসহ আহত হয়েছেন প্রায় ৩৫ জন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল রাত সোয়া ৯টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। তবে দুপুর ১টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত প্রধান সড়ক দফায় দফায় অন্তত সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার নগরবাসী। আজ সকাল ১০টা থেকে একই দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা পুলিশ ফাঁড়ি ভাংচুর করেছে। আহত শিক্ষার্থীদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ইস্ট ওয়েস্টের উপাচার্য আহমদ শফী তার বক্তব্যে বলেন, এটি শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনের একটি অংশ। শিক্ষার্থীরা ক্ষুব্ধ হতেই পারে কারণ শিক্ষার্থীরা কেস ভ্যাট দিবে। এটা কোন যুক্তিতে আসতে পারেনা। গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে শিক্ষার্থীরা জনগণের ভোগান্তির কারণ হোক, সেটা তারা চাননি। কিন্তু শিক্ষার্থীরা নিরুপায়। পরবর্তীতে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে নেওয়া হয়। তখনই বিনা উসকানিতে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করে। অতিরিক্ত রেজিস্ট্রার গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন ছাত্র গুলিবিদ্ধ হয়। এটা পুলিশের বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। পুলিশের কাজ হচ্ছে ছাত্রদের বুঝিয়ে ছড়িয়ে নেওয়া পুলিশ তা না করে উল্টো ছাত্র/ছাত্রীদের উপর চড়াও হয় যা অনাকাঙ্খিত।
এ ব্যাপারে বাড্ডা থানার ওসি এম এ জলিল বক্তব্য শিক্ষার্থীরা পুলিশকে আক্রমণ করেছে বলে আত্ম এবং আফতাবনগরে পুলিশ ফাঁড়িতে হামলা-ভাংচুর চালায়। এতে তিনিসহ সাত-আট পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। তখন শিক্ষার্থীদের কয়েকজন আহত হয়ে থাকতে পারেন।
চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড গত ৪ জুলাই এ-সংক্রান্ত আদেশ জারির পর থেকেই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। গতকালই বড় ধরনের সংঘর্ষ হলো। সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে, এই ভ্যাট প্রত্যাহার করা হবে না।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রী সমকালকে বলেন, ভ্যাট প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি ছিল শিক্ষার্থীদের। এতে শিক্ষকদেরও সমর্থন ছিল।
শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির অতিরিক্ত রেজিস্ট্রার মাশফিকুর রহমান, শিক্ষার্থী মুনি্ন, রাশেদ, শামীম, সানি ও ইয়াসির। এ ছাড়া সংঘর্ষে আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত মাশফিক এলাহী চৌধুরীকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বনশ্রীর ফরাজী হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুলিবিদ্ধসহ আহত ২০-২১ জন শিক্ষক-শিক্ষার্থীদের ফরাজী হাসপাতালের চিকিৎসা দেওয়া হয় বলে হাসপাতালে জরুরি বিভাগ সূত্রে জানা যায়। আহতদের মধ্যে তানজিবুল ইসলামকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ছররা গুলির যন্ত্রনায় চটফট করছে বলে জানাগেছে। ইস্ট ওয়েস্টের জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিন সমকালকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহত সকল শিক্ষক শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করছে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে অনেককে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ সিদ্ধান্ত নেন।





























