হ্যাঁ ভোটেই আসবে দেশের পরিবর্তন : খাগড়াছড়িতে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম
“গণভোট ২০২৬, সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করেই এই গণভোট আয়োজন করা হয়েছে। হ্যাঁ ভোটের মাধ্যমেই জনগণ তাদের মুক্ত মত প্রকাশ করতে পারবে এবং দেশ এগিয়ে যাবে কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আসন্ন গণভোটে হ্যাঁ ভোট প্রদানের মধ্য দিয়ে জনগণ তাদের ন্যায্য দাবি তুলে ধরার সুযোগ পাবে। উৎসবমুখর পরিবেশে সবাই যেন নিরাপদে ভোট দিতে পারে, সে জন্য সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলেও আশ্বস্ত করেন তিনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হল মিলনায়তনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের গণভোট বিষয়ক রেকর্ডকৃত বক্তব্য ডিসপ্লেতে প্রচার করা হয়। সেখানে তিনি গণতন্ত্র রক্ষায় গণভোটে অংশগ্রহণের জন্য দেশের জনগণকে আহ্বান জানান।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মনিরুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
এছাড়া বক্তব্য দেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও খাগড়াছড়ি জেলার ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি।
বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গণতন্ত্র রক্ষায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ না পাওয়ায় নাগরিকদের মধ্যে দীর্ঘদিনের আক্ষেপ রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট প্রয়োগের মাধ্যমে দেশে একটি ইতিবাচক ও অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকমণ্ডলী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















