আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নয়ন তারা

১৩ জুন ২০২৬, ০৮:১০ এএম


আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

ক দিনের সফরে আজ শনিবার (১৩ জুন) কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে ব্যাপক প্রস্তুতি এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছবেন। এরপর তিনি সড়কপথে চকরিয়া ও পেকুয়াসহ বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন এবং রাতের ফ্লাইটেই ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর আজকের সফরসূচি: সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সদরের পিএমখালী ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করবেন এবং সেখানে একটি পথসভায় বক্তব্য রাখবেন। দুপুর ১২টায় তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। এরপর সোয়া ১২টায় মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

দুপুর সোয়া ১টায় প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারের প্রথম শহীদ, পেকুয়ার সন্তান শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বেলা দেড়টায় তিনি নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। পেকুয়ার সাঈদ মঞ্জিলে মধ্যাহ্নভোজের পর বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জনসভা শেষে সড়কপথে কক্সবাজার ফিরে সন্ধ্যা ৭টায় মেরিন ড্রাইভ সড়ক হয়ে সাগর সৈকত ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। এরপর রাত ৮টায় হোটেল লং বিচ অডিটরিয়ামে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং সর্বশেষ রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

কক্সবাজারে সরকারের মন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ: প্রধানমন্ত্রী তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ সফর সরাসরি তদারকি করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুই দিনের সফরে গতকাল শুক্রবার থেকেই কক্সবাজারে অবস্থান করছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গতকাল বেলা সাড়ে ১১টায় সরকারের আরও ৫ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী কক্সবাজার পৌঁছেছেন।

কক্সবাজারে অবস্থান করা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন— পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় দলীয় নেতাকর্মীরা তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠের জনসভাসহ পুরো কক্সবাজার জেলায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

 

Ads