প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

মোঃ আশরাফুল আলম

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম


প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

ধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাষ্ট্রপতির সঙ্গে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে রুয়েটের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিষ্ঠান থেকে দক্ষ ও প্রযুক্তিনির্ভর জনশক্তি তৈরি হলে তা দেশের উন্নয়ন ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

রাষ্ট্রপতি রুয়েটের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও এগিয়ে নিতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Ads