ভোক্তা সেবা উন্নয়নে অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
ছবি: সংগৃহীত
নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রযুক্তির ব্যবহার, জনবল বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে অধিদপ্তরকে আরও আধুনিক ও কার্যকর করার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, একজন মানুষ কষ্টার্জিত অর্থ দিয়ে যাতে ভেজাল, নিম্নমানের বা ক্ষতিকর পণ্য কিনতে বাধ্য না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের বিপুলসংখ্যক মানুষের ভোক্তা অধিকার সুরক্ষায় অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, অধিদপ্তরকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। পাশাপাশি বিদ্যমান সেবাগুলো পর্যায়ক্রমে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কোনো প্রতিষ্ঠানের আকার বা পরিচিতির চেয়ে মানুষের জীবনে তার কার্যক্রমের বাস্তব প্রভাব বেশি গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাজের গুরুত্ব অনেক বেশি।
আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তা অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠানের কাঠামো, জনবল ও সেবা কার্যক্রম নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) দিয়ে গবেষণা পরিচালনা করা হবে।
গবেষণার সুপারিশের ভিত্তিতে অধিদপ্তরের কার্যক্রম আরও বিস্তৃত ও জনবান্ধব করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, খুব শিগগিরই বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে ভোক্তারা অধিদপ্তরের সেবা আরও সহজে ও কার্যকরভাবে পাবেন।
মতবিনিময় সভায় অধিদপ্তরের বর্তমান কার্যক্রম, প্রযুক্তির ব্যবহার, জনবল কাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভোক্তা সেবা আরও সহজ ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। এতে সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম।
এ ছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























