৪৮ প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি

বহুপক্ষীয় গণতন্ত্র ও সুশাসনের অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের

নয়ন তারা

০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ এএম


বহুপক্ষীয় গণতন্ত্র ও সুশাসনের অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন চড়াই-উৎরাই পেরিয়ে এবং দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা শেষে দলটি আজ তার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে উপনীত হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পালিত হচ্ছে এ প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে (রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে) বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তিনি বলেন, বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে স্মরণ করিয়ে দেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় শাসন ব্যবস্থা 'বাকশাল' প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা এবং বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং সব রাজনৈতিক দলের অবাধ রাজনীতির অধিকার ফিরিয়ে দেন। সেই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে গঠিত হয় বিএনপি, যার মাধ্যমে বাংলাদেশে পুনরায় বহুমাত্রিক গণতন্ত্রের পথচলা শুরু হয়।

বাণীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তারেক রহমান উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও সম্মোহনী ব্যক্তিত্ব দিয়ে বিএনপিকে দেশের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন।

গণতন্ত্র, সুশাসন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সংকটকালে বিএনপির নেতাকর্মীরা অকাতরে জীবন উৎসর্গ করেছেন। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যাঁরা প্রাণ দিয়েছেন ও আহত হয়েছেন, তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

রাষ্ট্র পরিচালনায় বিএনপির অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে যখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জনগণ বিএনপিকেই রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচিত করেছে। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার ব্যাপক প্রসার এবং অর্থনৈতিক সমৃদ্ধির নানা উদ্যোগের ফলে দলটি আজ জনগণের কাছে সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে স্থান করে নিয়েছে।

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনরায় বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী অঙ্গীকার ব্যক্ত করেন যে, একটি জনকল্যাণমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি জনগণের এই ভালোবাসার প্রতিদান দেবে। দেশের প্রতিটি নেতাকর্মী ও সমর্থক আগামী দিনেও দেশমাতৃকার সেবায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Ads