খাগড়াছড়ি আসনে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ: জনমনে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান
৩১ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২৯৮ খাগড়াছড়ি নির্বাচনী এলাকায় বর্তমানে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের প্রতিটি নাগরিকের মতো আমরাও চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, ভোটের ময়দানে প্রচারণার নামে একজন প্রার্থী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং বিশেষ করে পরিষদের বাঙালি সদস্যদের জড়িয়ে যেভাবে জনসভায় কুরুচিপূর্ণ, অসত্য ও বানোয়াট বক্তব্য দিয়ে যাচ্ছেন, তা আমাকে ব্যথিত করেছে। রাজনীতিতে ভিন্নমত থাকবেই, তবে ব্যক্তিগত আক্রমণ কিংবা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করা সুস্থ রাজনীতির সংজ্ঞায় পড়ে না। আমি মোঃ সহিদুল ইসলাম সুমন, সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, এই হীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একজন প্রার্থীর জয়-পরাজয় নির্ধারিত হয় জনগণের রায়ে। কিন্তু সেই জয়ের পথ খুঁজতে গিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া কিংবা কাল্পনিক গল্প সাজিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা কেবল রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, এটি সরাসরি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। জনমনে এমন ধারণা দেওয়া হচ্ছে যা বাস্তবতার সাথে বিন্দুমাত্র সংগতিপূর্ণ নয়।
আসলে নির্বাচনী মাঠ হওয়া উচিত যুক্তির লড়াই আর উন্নয়নের অঙ্গীকারের জায়গা। কাদা ছোড়াছুড়ি করে সাময়িক সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষতি হয়। আমি সংশ্লিষ্ট প্রার্থীকে অনুরোধ করব, আপনি আপনার উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলুন, জনগণকে স্বপ্ন দেখান; কিন্তু অসত্য তথ্য দিয়ে জনমনে বিষবাষ্প ছড়ানো বন্ধ করুন। আমি একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে জেলাবাসীর কাছে স্পষ্ট করতে চাই, এ ধরনের সস্তা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় কান দেবেন না।
সবশেষে আবারও আহ্বান জানাচ্ছি, এই কুরুচিপূর্ণ আচরণ পরিহার করে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখুন। সত্যের জয় হবেই, আর মিথ্যার জাল ছিঁড়ে জনগণ সঠিক বিষয়টি অনুধাবন করতে পারবে এমনটাই আমার বিশ্বাস।
মোঃ সহিদুল ইসলাম সুমন
সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ
আহ্বায়ক, জেলা স্বাস্থ্য বিভাগ ও পর্যটন কর্পোরেশন, খাগড়াছড়ি পার্বত্য জেলা।





























