শিখে নিন খাসির মাংস দিয়ে শাহী কোরমা রান্না
২৭ সেপ্টেম্বর ২০১৫, ০২:১১ পিএম
ছবি-সংগৃহীত
ঈদে খাসির মাংস রান্নায় শাহী ভাব নিয়ে আসতে রান্না করতে পারেন মাটন কোরমা। তাই জেনে নিন কিভাবে রান্না করবেন এই মাটন কোরমা।
উপকরণ-
– ৭০০ গ্রাম খাসির মাংস
– টক দই এক কাপ
– শুকনো নারিকেল কুচি এক টেবিল চামচ
– মরিচ গুঁড়ো এক টেবিল চামচ
– ধনে গুঁড়ো দেড় টেবিল চামচ
– গরম মশলা এক চা চামচ
– হলুদ গুঁড়ো সিকি চা চামচ
– পোস্তদানা এক টেবিল চামচ
– ১৫টি কাঠবাদাম
– রসুন বাটা এক টেবিল চামচ
– আদা বাটা এক টেবিল চামচ
– তেল ১৫০ গ্রাম
– এক ইঞ্চি পরিমাণ দারুচিনি
– সবুজ এলাচি ৪/৫টা
– দুটো পেঁয়াজ কুচি করে বেরেস্তা করা
– দুই টেবিল চামচ ধনেপাতা কুচি
– পুদিনা পাতা ১৫/২০টা
– দুটো কাঁচামরিচ কুচি
– দুধে ভেজানো জাফরান সিকি চা চামচ
প্রণালী-
১) কাঠবাদাম ভিজিয়ে রাখুন সারারাত। সকালে খোসা ছাড়িয়ে বেটে নিন।
২) পোস্তদানা এবং নারিকেল কুচি তাওয়ায় টেলে নিয়ে একসাথে বেটে নিন। এর সাথে মিশিয়ে নিন ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা, হলুদ, কাঠবাদাম বাটা এবং টক দই। দইয়ের এই মিশ্রণ আলাদা করে রেখে দিন।
৩) কড়াইতে তেল গরম করে এতে দারুচিনি এবং এলাচ সাঁতলে নিন। এতে আদা-রসুন বাটা দিয়ে মোটামুটি ১৫ সেকেন্ড ধরে কষিয়ে নিন।
৪) কড়াইতে খাসির মাংস দিয়ে ভাজতে থাকুন যতক্ষণ না পানি শুকিয়ে যায় এবং মাংসে বাদামি রঙ ধরে। এরপর এতে দইয়ের মিশ্রণটুকু দিয়ে দিন। ভুনতে থাকুন যতক্ষণ না মশলা ভালো করে রান্না হয়ে যায় এবং তেল ওপরে চলে আসে। এতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। দরকার হলে অল্প করে পানি দিতে পারেন যাতে মাংস নিচে ধরে না যায়।
৫) দুই কাপ পানি ঢেলে ভারী ঢাকনা দিয়ে কড়াই ঢেকে দিন। প্রেশার কুকারেও এভাবে রান্না করতে পারেন। ৩৫ মিনিট রান্না হতে দিন।
৬) এরপর ঢাকনা খুলে দিন। যোগ করুন বেরেস্তা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ। নেড়ে দিন এবং কয়েক মিনিট রান্না হতে দিন যতক্ষণ না তেল ওপরে ভেসে ওঠে। এরপর মিশিয়ে দিন জাফরানের মিশ্রণ। চুলা বন্ধ করে ১৫ মিনিট রেখে দিন পরিবেশনের আগে।
বাদাম জাফরানি মাটন কোরমা পরিবেশন করতে পারেন নান, পরোটা অথবা পোলাওয়ের সাথে।





















