দুশ্চিন্তা ও সঙ্কটাপন্ন অবস্থায় আল্লার প্রতি ভরসা
০৪ জানুয়ারি ২০১৬, ০৮:৪২ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: জীবিকার র্নিবাহে আল্লাহ তায়ালার ওপর ভরসা করা। হৃদয় সব সময় মাওলার সঙ্গে যুক্ত রাখা। সব ব্যাথাই আল্লাহর কাছে সমর্পণ করা।
হাদিসে এসেছে, যদি তোমরা আল্লাহ তায়ালার ওপর সঠিক ও যথাযথ ভাবে ভরসা করো, তাহলে তিনি তোমাদের পাখির মতো জীবিকা দান করবেন, ক্ষুধার্ত অবস্থায় সবাই বের হয় আর পেটপূর্তি করে বিকালে বাসায় ফিরে।
হাদিসে আরও বলা হয়েছে, যে ব্যক্তি অধিক পরিমাণে এস্তেগফার পড়বে আল্লাহ তায়ালা তাকে সব দুশ্চিন্তা ও সঙ্কটাপন্ন অবস্থা থেকে মুক্ত করে দেবেন এবং ধারণাতীতভাবে তাকে জীবিকা দান করবেন। এস্তেগফারে রিজিক বাড়ে এবং বৃষ্টি বর্ষিত হয়। আর হৃদয় দিয়ে ভরসা করা তার প্রতি ঈমানের নামান্তর।
আল্লাহ তায়ালা এরশাদ করেন, তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন, অতএব তোমরা তার কাঁধে বিচরণ করো এবং তার দেয়া রিজিক আহার করো।
ওমর (রা.) বলেন, তোমাদের কেউ যেন জীবিকার সন্ধান না করে বসে বসে এ কথা না বলে, হে আল্লাহ আমাকে রিজিক দাও, কারণ আকাশ কখনও স্বর্ণ-রুপা বর্ষণ করে না। বরকতময় জীবিকা পাওয়ার আরেকটি অন্যতম সূত্র হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা।
হাদিসে এসেছে, যার জীবিকার প্রসারতা ও জীবনের ব্যাপ্তি তাকে আনন্দিত করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।



































