মিনা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে প্রকম্পিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৫, ০৪:০৯ পিএম


মিনা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে প্রকম্পিত

ছবি-সংগৃহীত

র্মপ্রাণ মুসলমানদের মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেয়ার মধ্য দিয়ে পবিত্র হজ্জের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যার পর মিনারের উদ্দেশে রওনা দেন মুসল্লিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে পবিত্র মিনার প্রকম্পিত করছে লক্ষ লক্ষ মুসল্লিরা।
জিকির ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মহান আল্লাহকে কাছে পাবার আশায় সময় কাটাবেন মুসল্লিরা। সেখানে তারা জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপর বুধবার ফজরে পায়ে হেঁটে আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন তারা। ময়দানে পৌঁছে হজ্জের খুতবা শুনবেন এবং এক আজানে জোহর ও আসরের (জুহরাইন) নামাজ আদায় করবেন।

সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন। মুজদালিফায় পৌঁছে আবারও এক আজানে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপন করবেন। পরে সেখান থেকে তারা মিনার জামারায় (প্রতীকী শয়তান) পাথর নিক্ষেপ করবেন।

বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ শেষে আবার ফিরে আসবেন মিনারে। পরদিন শুক্রবার জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুণ্ডনের মধ্য দিয়ে ইহরাম ত্যাগের মাধ্যমে হজ্জের মূল কার্যক্রম শেষ করবেন। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজ্জের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন মুসল্লিরা।

এ বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ লক্ষেরও অধিক ধর্মপ্রাণ মুসলমান হজ্জ পালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থান করছেন। এর মধ্যে বাংলাদেশি রয়েছে লক্ষাধিক।

এদিকে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ হাজিদের সর্বোচ্চ সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি হজের সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের এই নির্দেশ প্রদান করেন। বাদশাহ বলেন, হাজিদের সেবা করা সৌদি আরব ও সৌদি আরবের জনগণের জন্য একটি সম্মানের বিষয়।
এদিকে আরাফাত, মিনা ও মুজদালিফায় হাজিদের সেবা দিতে প্রস্তুত রয়েছে প্রায় এক লাখ বিশেষ নিরাপত্তা বাহিনী, সহস্রাধিক পরিষ্কার-পরিচ্ছন্নকর্মী ও ২৫টি হাসপাতাল।

Ads