সিলেটে দুর্বিষহ ২৪ ঘন্টা
১৮ নভেম্বর ২০২০, ০৯:১৬ পিএম
টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছে মহানগরীসহ সিলেটের পার্শ্ববর্তী এলাকাগুলো।
গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সিলেটের আখালিয়ার কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে এই অবস্থায় আছে সিলেট। আগুন লাগার এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।
এদিকে সিলেট নগরীর ভুক্তভোগীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ নগরে পানি সরবরাহ করতে পারছে না। বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চরম দুরবস্থার মধ্যে আছেন চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনেরা। অধিকাংশ বিপণিবিতান ও দোকানপাট অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই পুরো নগরজুড়ে নিস্তব্ধতা বিরাজ করে। রাত বাড়ার সাথে সাথে অন্ধকার নগরী ফাঁকা হতে থাকে। রাস্তাঘাট ও বিপনীবিতানগুলো থেকে লোকজন কমতে শুরু করে। কমে যায় নগরীতে যানচলাচল। টানা বিদ্যুতহীনতায় বেশি ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
বিদ্যুৎ না থাকায় দুপুর থেকেই বাসা-বাড়ি, মসজিদসহ নানা স্থানে পানিসহ নানা সংকট সৃষ্টি হয়। বিদ্যুতের অভাবে অনেক গৃহস্থালী কাজ ব্যাহত হয়। অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় যানবাহন জ্বালানি সমস্যায় পড়েছে। বিশাল এলাকায় জনজীবনে মারাত্মক দুর্ভোগ দেখা দিয়েছে। এছাড়াও মোবাইল চার্জ দেওয়া, ইন্টারনেট সমস্যা প্রকট হয়ে উঠেছে সিলেটে।















