সিলেটে বৃষ্টি ও পাহাড়ি ঢল, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
১৬ মে ২০২২, ০৪:১৭ পিএম
ছবি- সংগৃহীত।
বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কিছু উঁচু জমির ফসলও ডুবেছে। রবিবার বৃষ্টি মাখা রোদ ছিল। সুনামগঞ্জের তিনটি ও সিলেটের পাঁচ উপজেলা প্লাবিত হয়েছে। সিলেটের কানাইঘাট ও গোয়াইনঘাটের সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সিলেট আবহাওয়া অফিস জানায়, আগামী ১৮ মে পর্যন্ত বৃষ্টি হবে। এদিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শুক্রবার পাহাড় ধসে অপূর্ব পাল (২৭) নামে যুবক নিহত ও তার ভাই পাপ্পু পাল (২২) গুরুতর আহত হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই দিন জৈন্তায় ঢলের তোড়ে নৌকা ডুবে ছয় জন নিখোঁজ হয়, পাঁচ জনকে উদ্ধার করা হয়। পরে শনিবার আলমগীর (৩০) নামের এক জনের লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে সিলেট সদর উপজেলার বিভিন্ন পাহাড় টিলায় অন্তত ২৫০ পরিবার ঝুঁকিতে বাস করছে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, টিলার নিচে ও নদী তীরে বসবাসকারীদের সরে যেতে সতর্ক বার্তা দিয়েছেন। সিলেটের পানিবন্দি মানুষের জন্য ৭৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।















