মৌলভীবাজারে বদলির পরও হাসপাতালে অনড় হিসাব রক্ষক ও স্টুয়ার্ড
০৩ জানুয়ারি ২০২৩, ০৯:০৬ পিএম
মৌলভীবাজারে বদলির পরও হাসপাতালে অনড় হিসাব রক্ষক ও স্টুয়ার্ড।
জনস্বার্থে বদলি করার পরও মৌলভীবাজার ছাড়ছেন না ২৫০শয্যা হাসপাতালের দুই কর্মকর্তা। গতবছরের ৩০ নভেম্বর হাসপাতালের হিসাব রক্ষক মো. ফয়েজ আলী ও স্টুয়ার্ড রুহুল আমিন রুহিনকে বদলি করা হলে তারা আইনবহির্ভূতভাবে আগের কর্মস্থলেই রয়েছেন। এই কর্মকর্তাদের কয়েকজন তদবির করে বদলি আদেশই বাতিল করাচ্ছেন বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
খোঁজ নিয়ে জানা গেছে, শূন্য পদে বদলি করা হলেও বেশিরভাগ কর্মকর্তাই পছন্দের কর্মস্থলে থাকতে আগ্রহ দেখান। ফলে বদলি করা পদগুলো দীর্ঘদিন শূন্য থাকায় সরকারি সেবা ও কার্যক্রম ব্যাহত হচ্ছে। অথচ সার্ভিস রুলের ৮১ ধারা অনুযায়ী, বদলি আদেশের পর নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতির জন্য একজন কর্মকর্তা সর্বোচ্চ চারদিন সময় পান। কিন্তু তারা এখনো হাসপাতালে অনড় থাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, হিসাব রক্ষক মো. ফয়েজ আলীকে সিলেটের ওসমানীনগর হাসপাতালের হিসাব রক্ষক ও রুহুল আমিন রুহিনকে হবিগঞ্জ সদর হাসপাতালের স্টুয়ার্ড হিসেবে বদলির পরও তারা এ আদেশ কোনো পাত্তাই দিচ্ছেন না। এ কারণে তারা বদলির ১ মাস পার হওয়ার পরও মৌলভীবাজারে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা দীর্ঘ কয়েকবছর যাবৎ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছেন বলেও জানান সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে তিনিও বদলি হয়ে যাওয়ায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।















