দুপুর থেকে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শারমিন আক্তার আখি

১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম


দুপুর থেকে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরের কাজের টাই-ইনের জন্য বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এর মধ্যে আবাসিক ও বাণিজ্যিক—উভয় ধরনের গ্রাহকই এই সাময়িক সরবরাহ বন্ধের আওতায় থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময়ে সংশ্লিষ্ট এলাকার আশপাশের সংলগ্ন অঞ্চলগুলোতে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Ads