পিতাকে কুপিয়ে হত্যা করেছে পুত্র
২০ জানুয়ারি ২০২০, ০২:২৮ পিএম
ছবি - সংগৃহীত
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা করেছে পুত্র আকবর আলী৷ একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা ফুলমতি বেগম। নিহত বৃদ্ধের নাম চেরাগ আলী। তাঁর ছেলে আকবর আলী মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতী নারায়ণপুর গ্রামের ওই গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে৷
নিহত চেরাগ আলী বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। তাঁর তিন সন্তানের মধ্যে আকবর আলী (৪০) সবার বড়৷ তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন৷
শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঘটনার সময় আকবর আলী পিতা চেরাগ আলীর সঙ্গে দুর্ব্যবহার করলে তিনি পুত্রকে পাগলা গারদে পাঠানোর কথা বলেন৷ এতে তিনি ক্ষিপ্ত হয়ে দা দিয়ে এলোপাতাড়ি পিতা চেরাগ আলী ও মা ফুলমতি বেগমকে কুপিয়ে জখম করেন৷ এতে ঘটনাস্থলেই চেরাগ আলী নিহত হয়৷ গুরুতর আহত অবস্থায় ফুলমতিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে৷
























