নোয়াখালীতে আগুন, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২২ পিএম


নোয়াখালীতে আগুন, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

ছবি - সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউপির ভাটিরটেক চৌমুহনী বাজারে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ আগুন লেগেছে। এতে ১৪টি দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা । ভাটিরটেক চৌমুহনী বাজারের পূর্ব বাজারে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, ভোরে পূর্ব বাজারের নুর উদ্দিন সাইকেল মেকানিকের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাজারের নুর উদ্দিন সাইকেল সেন্টার, নাহিদ লাইব্রেরি, আফসার হার্ডওয়ার, হাজি আবদুল কাইয়ুম ইলেকট্রনিক্স, আবদুর রব লেপ-তোষক, ডাক্তার সহিদের ভেটেরিনারি হাউজ, মিলন হোটেল, পিতু চন্দ্র সাহার লেপ-তোষক,  জামাল উদ্দিন ফামেসি, মনির স্টোর, মহি উদ্দিন স্টোর, আবুল কাশেমের পান দোকান, আবুল কালাম টেইলার্স ও হাজি মোতাহেরের দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বেলাল, ইমাম উদ্দিন, নোমান আবদুর রহমানসহ দোকানের মালিকরা জানান, আগুনে তাদের ১৪টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।  

সকালে সদরের ইউএনও মো.আরিফুল ইসলাম সরদারের নির্দেশে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের তালিকা প্রস্তুত করেছেন ধর্মপুর ইউপি সচিব মো.শহিদুল ইসলাম।

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে ৮-১০টি দোকান পুড়ে গেছে। তবে রাতে ব্যবসায়ীরা অনেকেই উপস্থিত না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণএখনো নির্ণয় করা যায়নি।   

Ads