বিএনপি জনগণের জন্য এমন কোন কাজ করেনি যে তাদের প্রতি আস্থাশীল হবে- হানিফ
০৩ অক্টোবর ২০২১, ০৪:৩৪ এএম
শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায়। ছবি- প্রতিদিনের চিত্র।
দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শনিবার (২ অক্টোবর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির জয়লাভ করার কোন সুযোগ নেই। নির্বাচনে বিএনপি জনগণ কর্তৃক আবারও ধিকৃত হবে। কারণ, তারা দেশ ও জনগণের জন্য এমন কোন কাজ করেনি যে জনগণ তাদের প্রতি আস্থাশীল হবেন। অতীতের কুকর্ম, সন্ত্রাস, নাশকতামূলক কার্যক্রমের জন্য জনগণের থেকে এতোটাই দূরে সরে গেছে যে, আগামী নির্বাচনতো দূরের কথা, তাদের জীবনদ্দশায় আর ক্ষমতায় আসতে পারবে কি না তা নিয়ে জনগণ ভাবছে না।
দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করা বিষয়ে তিনি বলেন, আমরা চাই সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণ স্বত:স্ফুর্তভাবে ভোটদান করে তাদের পছন্দের দলকে বিজয়ী করুক।
তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালত থেকে এ রায় ঘোষণা করা হয়েছে বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে না। যদি কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে সেটা তাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পরে। যারা দেশের সর্বোচ্চ আদালতের রায় অবমাননা করে তাদের মনগড়া সরকার দেখতে চায়, সেটা আর হবে না। বাংলাদেশে আর তত্ত¡াবধায়ক সরকার আসবে না।
আরও পড়ুন...শিক্ষামন্ত্রীর আশ্বাসে তালা খুলল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
তিনি বলেন, ফখরুল ইসলাম আলমগীর বর্তমান একটি কথা বলছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০টি আসন পাবে না কিন্তু আমি বলতে চাই এই কথাটি ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে বেগম খালেদা জিয়া একাধিক জনসভায়ও এই কথাটি বলেছিলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ২০০৮ সালের নির্বাচনে ওই বেগম খালেদা জিয়া কিন্তু ৩০ এর নিচে আসন পেয়েছিল।
আরও পড়ুন...বিজ্ঞাপনবিহীন বিদেশি চ্যানেল চলছে: তথ্যমন্ত্রী
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মেজর (অব.) রফিকুল ইসলাম এমপি।
আরও পড়ুন...শৃঙ্খলা পরিপন্থী কাজ বরদাস্ত করা হবে না: ঢাবি উপাচার্য
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























