রোহিঙ্গা ক্যাম্পে আবারও দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ অক্টোবর ২০২২, ০৩:০৬ পিএম


রোহিঙ্গা ক্যাম্পে আবারও দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প, ছবি- সংগৃহীত।

 

ক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১৭-এর সি ব্লকে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন ক্যাম্প সি ব্লকের ৪০বছর বয়সী আয়াত উল্লাহ ও একই ক্যাম্পের ৩০বছর বয়সী মোহাম্মদ ইয়াছিন। ১৪-এপিবিএনের অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ইরানি পাহাড়ে একদল অস্ত্রধারী এসে দুজন রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। আয়াতকে উখিয়ার এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি বলেন, ‘কারা ও কেন তাদের হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন।’

 

এর আগে গতকাল বুধবার ও মঙ্গলবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পে দুজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় জড়িত কাউকেও এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Ads