ইয়াবা পাচারের মামলায় রোহিঙ্গাসহ চারজনের মৃত্যুদণ্ড
১৬ নভেম্বর ২০২২, ০৭:১০ পিএম
১৩লাখ ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গাসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর মো. আয়াজ (৩৪), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজ দক্ষিণ হাজীপাড়ার আবুল কালাম (৩৭), খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পঞ্চরাম পাড়ার আজিমুল্লাহ (৪৩) এবং একই এলাকার আবুল কালাম (৩৭)।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২০ সালের ২৩ আগস্ট র্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে একটি ফিশিং বোট থেকে আয়াজ ও বিল্লালকে আটক করে। এ সময় আরও চার-পাঁচজন পালিয়ে যায়। পরে ফিশিং বোট তল্লাশি করে ১৩ লাখ ইয়াবা, ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
























