প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে পুলিশে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাত
২৬ অক্টোবর ২০১৯, ০৯:২১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে পুলিশের চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় অর্থ আত্মসাত করায় দুই প্রতারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার নবীনগর থানা পুলিশের হাতে বরিশাল সদর থেকে শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত দুুই প্রতারক হলেন, কুষ্টিয়া জেলার মনোহরদী উপজেলার মৃত সাহার আলীর পুত্র আব্দুর রহিম (৩৩) ও ঝালকাঠি জেলার মির্জাপুর এলাকার মৃত সোলামান খাঁর পুত্র ইয়াছিন খাঁ (খন্দকার বাবর)। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অায়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান জানান, প্রতারক খন্দকার বাবর প্রধানমন্ত্রীর বেয়াই খন্দকার মোশারফের ভাই এবং সরকারি বড় কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেয়ার নাম করে বিভিন্ন সময় মানুষজনদের কাছ থেকে কৌশলে টাকা আত্মসাত করতো। সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগের সময় চাকরি দেয়ার কথা বলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের আবু মুছার ছেলে ইছহাকের কাছ থেকে পর্যায়ক্রমে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
ভুক্তভোগীর পরিবার এ বিষয়ে মামলা করলে পুলিশ অনুসন্ধান চালিয়ে বাবর ও তার সহযোগী রহিমকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।































