প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম


প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সরকারি হিসাব অনুযায়ী প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ার কথা ছিল। তবে জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, মালিকরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বসে এ বিষয়ে চুক্তি করবেন। মেট্রোপলিটন ও জেলা পর্যায়ের সব ধরনের বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে ৩ পয়সা কম নেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি হতে পারে।

শিমুল বিশ্বাস আরও বলেন, ভাড়া এক পয়সা বাড়লেও সেটি যাত্রীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই সরকারি সিদ্ধান্তের আগে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে থাকলে তার বিরুদ্ধে মালিক সমিতি ব্যবস্থা নেবে। প্রশাসনিক ও সাংগঠনিক—দুইভাবেই বিষয়টি দেখা হবে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া সমন্বয়ের জন্য বিআরটিএর সঙ্গে বৈঠক করে সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

ওই বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে পরবর্তী বৈঠকে তা কমিয়ে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ২০ সেপ্টেম্বর রাতে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয়। নতুন দামে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হয়েছে।

Ads