টানা বর্ষণে ডুবল সিলেট
০৭ অক্টোবর ২০২৩, ০৬:১৪ পিএম
টানা বর্ষণে সিলেট নগরীর নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন নগরবাসী। শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১১টার পর থেকে চলা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে নগরীর বেশ কয়েকটি এলাকা।
সিলেট আবহাওয়া অফিস জানায়, শনিবার (৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। সকাল থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১০২ মিলিমিটার।
সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টিপাতের ফলে সিলেট নগরের ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পানি ঢুকেছে। এছাড়া, শাহজালাল উপশহর, শিবগঞ্জ, চকিদেখি, যতরপুর, তেররতন, সোবহানীঘাট, পাঠানটুলা, হাওয়াপাড়া, কুমারগাঁও, লালাদিঘীর পার, দক্ষিণ সুরমার কদমতলী, বরইকান্দিসহ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।
উপশহরের এক বাসিন্দা বলেন, রাত ৩টার দিকে আমার ঘরে পানি প্রবেশ করেছে। এতে ঘরের আসবাবপত্রসহ বেশ কিছু জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। আর যেভাবে টানা বৃষ্টি চলছে পানি কোথায় গিয়ে দাঁড়াবে তা এখন বলা মুশকিল।
















