খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে একজন আহত, আরেকজন অপহরণ
২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২১ পিএম
ছবি- সংগৃহীত।
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে মো. নাসির উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এসময় আরেকজনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিকে পানছড়িতে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি আধুনকি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে পানছড়ির উপজেলার মরাটিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাসির পানছড়ি উপজেলার হেডম্যানটিলা নামক এলাকার মো. হানিফের ছেলে বলে। পেশায় তিনি বৈদ্যুতিক মিস্ত্রী।
জানা যায়, কাজ শেষ করে মাটিরাঙ্গার তবলছড়ি থেকে দুইটি মোটরসাইকেলে করে মোট চারজন পানছড়ি সদরের দিকে ফিরছিলেন। এ সময় মরাটিলা নামক এলাকায় পৌঁছালে ৪-৫ জন অস্ত্রধারী তাদের গতিরোধ করে। একটি মোটরসাইকেল দাঁড়ালেও অপরটি চলে যাওয়ার সময় দুর্বৃত্তরা পেছন থেকে গুলি করে। এতে মোটরসাইকেলটিতে থাকা নাসির আহত হন। এ সময় দুর্বৃত্তরা গুলিবিদ্ধসহ দুই মোটরসাইকেল চালককে ছেড়ে দেয় এবং একজন আটক করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ির অনিলপাড়ায় ইউপিডিএফের ভ্রাত্রিপ্রতিম সংগঠনের চারজন প্রতিপক্ষের গুলিতে নিহত হন। এরপর থেকে পানছড়ি বাজার বর্জন কর্মসূচি পালন করছে ইউপিডিএফ। এমনকি সন্ধ্যা ৬টার পর পানছড়িতে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।

















