প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে মৎস্য চাষ বাড়াতে চায় সরকার
০২ মে ২০২৪, ০৩:১৭ পিএম
মাটিরাঙ্গা উপজেলার ২০ জন মৎস্য চাষীদের কার্প জাতীয় মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ।
পার্বত্য চট্টগ্রামের মৎস সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মাটিরাঙ্গা উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় মাটিরাঙ্গা উপজেলার ২০ জন মৎস্য চাষীদের কার্প জাতীয় মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সদর উপজেলা পরিষদ মিলনায়তন হলে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আরিফ হোসেন প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে মৎস্য চাষ বাড়াতে চায় সরকার। সরকার ভৌগলিকগত কারণে দেশের পাহাড়ি দুর্গম পার্বত্য এলাকায় মৎস্য চাষ উপযোগী করতে নতুন নতুন কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পাহাড়ি জনগোষ্ঠী সুফল ভোগীদের সামাজিক-অর্থনৈতিক অবস্থা আরো উন্নতি হবে এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মৎস বিভাগ তাদের সক্ষমতা বাড়াতে পারবে বলে বক্তব্যে উল্লেখ করেন।

এ সময় সুফলভোগী ও প্রশিক্ষর্ণাথীদের উদ্দেশ্যে অন্যান্য বক্তারা পাহাড়ি দুর্গম পার্বত্য এলাকায় মৎস্য চাষ উপযোগী ক্রিক উন্নয়ন, মৎস্য হ্যাচারি সংস্কার, প্রদর্শনী খামার স্থাপন, কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন মৎস্য সম্পদ সম্পর্কে উন্নয়নের কর্মসূচি ও কার্যক্রম বিষয়ে আলোচনা করেন। কার্প জাতীয় মিশ্র চাষ প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য বিভাগের প্রশিক্ষক, পরীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা মোঃ হিজবুল বাহার ভূঁইয়া, মাটিরাঙ্গা উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা ও সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা। পরে প্রশিক্ষণ শেষে মৎস্য চাষীদের মাঝে সার্টিফিকেট, প্রশিক্ষণ গাইড, ব্যাগ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
















