ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় নারীসহ দুইজন আটক
২৩ অক্টোবর ২০২৪, ০৫:২৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় নাগরিক মনিকা রায় এবং মানব পাচারকারী বিপ্লব চক্রবর্তী আটক হয়েছে। জেলার বিজয়নগর সীমান্ত থেকে ভারতীয় মহিলা এবং কসবা সীমান্ত থেকে মানব পাচারকারীকে আটকের পর সংশ্লিষ্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র নিশ্চিত করেছেন।
বিজিবির হাতে আটককৃত ভারতের পূর্ব বর্ধমান জেলার পারুলিয়া গ্রামের প্রেমলাল রায়ের স্ত্রী মনিকা রায় (৫৬) বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় তার মেয়ের বাড়িতে চার মাস বেড়ানো শেষে ফিরে যাচ্ছিলেন। এদিকে বাংলাদেশি মানব পাচারকারি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার রনাইতলা গ্রামের মতিলাল চক্রবর্তীর ছেলে বিপ্লব চক্রবর্তী (৩৫) কসবার হাকর সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারতে পাচার করতে এসেছিলেন।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের (কালীকচ্ছ) অধিনায়ক কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, মনিকা রায় ভারতের পূর্ব বর্ধমান জেলার পারুলিয়া গ্রামের প্রেমলাল রায়ের স্ত্রী। জিজ্ঞাসাবাদে তিনি জানান, চার মাস আগে ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসে নোয়াখালীর হাতিয়া উপজেলা এলাকায় মেয়ের বাড়িতে অবস্থান করেন। মঙ্গলবার (২২ অক্টোবর) ট্রেনযোগে আখাউড়া রেলস্টেশনে এসে পাঁচ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশী দু'জন মানব পাচারকারী দালালের সহযোগিতায় বিজয়নগর উপজেলার পূর্ব কালাছড়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তার কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড, ভারতীয় ৫৩৫ রূপি, বাংলাদেশি ৬০০ টাকা, একটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের কানের দুল, দুটি স্বর্ণের আংটি ও একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। পরে তাকে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে বিজিবি ৬০ ব্যাটালিয়নের (সুলতানপুর) অধিনায়ক লে. কর্ণেল এ.এম জাবের বিন জব্বার জানান, বাংলাদেশি মানব পাচারকারি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার রনাইতলা গ্রামের বিপ্লব চক্রবর্তীকে কসবার হাকর সীমান্ত থেকে আটক করা হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে কসবা বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে হাকর নামক স্থান থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২-৩ জন বাংলাদেশি নাগরিককে অবেধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচারে সহায়তা করার জন্য হাকর সীমান্তে আসছিলেন। পরে তাকে কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

















