নওগাঁর মান্দায় সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার
২৭ অক্টোবর ২০২৪, ০৭:৫২ পিএম
নওগাঁ জেলার মান্দা উপজেলায় এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ছবিঃ সংগৃহীত
নওগাঁ জেলার মান্দা উপজেলায় এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বাদলঘাটা গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে মেহেফুজুল আলম সুমন (৩৫), বিলকরিল্যা গ্রামের সাইফুল ইসলাম (২৫) এবং রাজশাহীর বাগমারা উপজেলার করখন্ড খাজুর গ্রামের সাগর আলী (২৩), রাজু আহমেদ (২২) ও সুজন আলী (২৩)।
ওসি মনসুর রহমান বলেন, শনিবার রাতে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ একটি যৌথ অভিযান চালিয়ে কুসুম্বা এলাকা থেকে মেহেফুজুল আলম সুমনকে গ্রেপ্তার করে। মেহেফুজুল দীর্ঘদিন ধরে চাঁদাবাজি মামলার প্রধান আসামি হিসেবে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তার জন্য আতঙ্ক বিরাজ করছিল। অভিযানে তাকে গ্রেপ্তারের ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
এছাড়া চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। দীর্ঘদিন পলাতক থাকা সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে বাদলঘাটা এলাকা থেকে আটক করা হয়।
ওসি আরও জানান, শনিবার রাতে ফেরিঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন সাগর আলী, রাজু আহমেদ এবং সুজন আলী। স্থানীয় বাসিন্দারা তাদের আচরণ সন্দেহজনক মনে করে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এদের বিরুদ্ধে অপরাধ সংশ্লিষ্টতার কিছু তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের নওগাঁ কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ওসি মনসুর রহমান বলেন, মান্দা থানার পক্ষ থেকে এলাকাজুড়ে অপরাধ দমনের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে তৎপরতা আরও বাড়ানো হবে বলে তিনি জানান।
















