প্রধান বন সংরক্ষকের আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শন

এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি-

২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম


প্রধান বন সংরক্ষকের আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শন

নওগাঁ জেলার ধামইরহাটে অবস্থিত আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। ছবিঃ এ কে নোমান

ওগাঁ জেলার ধামইরহাটে অবস্থিত আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। গতকাল রবিবার (২৪ নভেম্বর) দুপুরে ঝটিকা সফরের মাধ্যমে তিনি উদ্যানের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি গত বছর পুনঃখনন করা ঐতিহাসিক আলতাদিঘী, দিঘির পাড়ে সৌন্দর্যবর্ধনমূলক বাগান, নিরাপত্তা কর্মীদের জন্য নির্মিত দ্বিতল ডরমেটরি, পর্যবেক্ষণ টাওয়ার এবং নবনির্মিত সুভেনির শপ ঘুরে দেখেন। পাশাপাশি শালবনের বিভিন্ন অংশ ও উদ্যানের সার্বিক অবস্থা নিয়ে খোঁজখবর নেন। তিনি উদ্যানের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।  

প্রধান বন সংরক্ষকের সফরে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের বন সংরক্ষক সুবেদার ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, এসিএফ মেহেদি জ্জামান, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা ফারহাদ জাহান লিটন, রাজশাহী সদর রেঞ্জ কর্মকর্তা আমজাদ হোসেন এবং ধামইরহাট বিট কর্মকর্তা আনিসুর রহমান। এ ছাড়া উদ্যানের উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত প্রতিষ্ঠান এ্যাকুমেন আর্কিটেক্টস এন্ড প্ল্যানার্স লিমিটেড-এর প্রকৌশলী হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন।  

২০১১ সালে ৬৬২ হেক্টর জমির ওপর প্রতিষ্ঠিত আলতাদিঘী জাতীয় উদ্যান পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শালবন এবং ঐতিহাসিক দিঘিকে কেন্দ্র করে গড়ে ওঠা এ উদ্যান বর্তমানে পর্যটন উন্নয়নের দিক থেকে একটি উল্লেখযোগ্য স্থান।  

প্রধান বন সংরক্ষক তাঁর বক্তব্যে বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা ছাড়া উদ্যানের সম্পদ রক্ষা করা সম্ভব নয়। তিনি পরিবেশ সুরক্ষায় স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।  

উল্লেখ্য, আলতাদিঘী জাতীয় উদ্যানের উন্নয়ন কাজ এগিয়ে নিতে বর্তমানে সরকার বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে, যা পরিবেশ সুরক্ষা ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।  

Ads