নওগাঁয় চোরাই তামার তারসহ চারজন গ্রেপ্তার, ভাঙারি ব্যবসায়ী চক্রের সন্ধানে পুলিশ
০২ মার্চ ২০২৫, ০৩:২৮ পিএম
নওগাঁ সদর মডেল থানার পুলিশ বিশেষ অভিযানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বরুনকান্দি মোড় থেকে প্রায় ৩০০ গজ দূরে আমবাগানের ভেতরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আজ রবিবার (২ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন— বরুনকান্দি গ্রামের রেজাউল হক টুটুলের ছেলে মো. সাগর (২০), চক পাথুরিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. সজিব হোসেন (২৫), বরুনকান্দি গ্রামের সামাদ এর ছেলে মো. সাঈদ (২৯) এবং চকরামচন্দ্র গ্রামের মমতাজ এর ছেলে মো. বিপুল (৩৫)। এছাড়া আরও ৪-৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই চুরির সঙ্গে জড়িত বলে পুলিশের ধারণা।
পুলিশ জানায়, আটককৃতরা বরুনকান্দি মোড়ে জনৈক মোঃ ফিরোজ হোসেনের গ্যারেজ থেকে ৯০ ফুট লম্বা তিনটি তামার তার (মূল্য আনুমানিক ২০,৮০০ টাকা) চুরি করে। পরে তারা চুরি করা বৈদ্যুতিক তারের রাবারের অংশ পুড়িয়ে তামার অংশ বের করছিল। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ৫০ ফুট লম্বা রাবার গলানো তামার তার উদ্ধার করা হয়েছে, যার মূল্য আনুমানিক ১২,০০০ টাকা।
-1740907644.jpg)
জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা এসব চোরাই তামার তার ও লোহার সামগ্রী স্থানীয় কিছু ভাঙারি দোকানে বিক্রি করেছে। পুলিশ ইতোমধ্যে সেই ভাঙারি ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে।
ভুক্তভোগী মো. ফিরোজ হোসেন থানায় অভিযোগ দায়ের করলে নওগাঁ সদর মডেল থানায় মামলা (নং-০১, তারিখ-০২/০৩/২০২৫) রুজু করা হয়। মামলাটি দণ্ডবিধির ৪৬১/৩৮০/৪১১ ধারায় দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, শুধু চোরদের গ্রেপ্তার করাই নয়, চোরাই মাল কেনাবেচার সঙ্গে জড়িত ভাঙারি ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ কাজ করছে।
তদন্তে বেরিয়ে এসেছে যে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ বিপুল ও মোঃ সাঈদ দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের নামে একাধিক মামলা রয়েছে। বিপুলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় ২০১৭ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলা দায়ের করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, এই আসামিরা বিভিন্ন সময় চুরিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং বর্তমানে তদন্তের মাধ্যমে তাদের অপরাধচক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের কাজ চলছে।
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, "গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং যারা এখনও পলাতক রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি, চোরাই মাল কেনাবেচার সঙ্গে জড়িত ভাঙারি ব্যবসায়ীদেরও আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপর রয়েছে।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নওগাঁ সদর মডেল থানার ওসি নুর এ আলম সিদ্দিকীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
















