নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি-

০৩ মার্চ ২০২৫, ০৫:০১ পিএম


নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

ওগাঁ ও পাবনায় সংঘটিত বাস ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

আজ সোমবার (৩ মার্চ) নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম।



গ্রেপ্তারকৃতদের মধ্যে জয়পুরহাট জেলার কালাই উপজেলার আওরা পশ্চিমপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে শামীম ইসলাম সব্দুল (২৭) এবং একই উপজেলার হাতিয়র গ্রামের অরুণ চন্দ্র বর্মনের ছেলে শ্রী রঞ্জিত চন্দ্র বর্মন (৩০)। এছাড়া, ঝমুটপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল লতিফ ওরফে নাঈম (২৭), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পুরন্দন গ্রামের মনসুর বেপারীর ছেলে শাহারুল ইসলাম (৩৭) এবং একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৪০)। বগুড়া জেলার কাহালু উপজেলার সিন্দুরাইন গ্রামের বাসিন্দা শাহাদাত হোসেন (৪০) কেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে নওগাঁর পত্নীতলায় একটি বিআরটিসি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁসহ আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া থেকে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের মধ্যে শহীদুল ইসলামের বিরুদ্ধে ছয়টি, শাহারুল ইসলামের বিরুদ্ধে দুটি, শামীম ইসলামের বিরুদ্ধে দুটি এবং অন্যান্যদের বিরুদ্ধে একটি করে ডাকাতির মামলা রয়েছে।



গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত একজোড়া কানের দুল, কয়েকটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এছাড়া, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস, দুইটি করাত, কয়েকটি হাসুয়া ও একটি প্লাস জব্দ করা হয়েছে।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি রাতে পাবনার সাঁথিয়ায় বেশ কয়েকটি গাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ছয়জনের মধ্যে পাঁচজন ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে জানা গেছে, পত্নীতলায় বাস ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাসটি পাবনার ডাকাতির ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছিল।

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, "গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ডাকাত দলের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।"

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার (ক্রাইম) ফারজানা হোসেন, পত্নীতলা থানার (ওসি) এনায়েতুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 

 

Ads