লালমনিরহাটে পিস্তল-গুলির সাথে ৫০ বোতল ফেন্সিডিল আটক, গ্রেফতার ৩
১৮ মার্চ ২০২৫, ০২:৫৭ পিএম
লালমনিরহাটে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং ৫০ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার (১৭ মার্চ) ভোরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড়ে একটি মাইক্রোবাস তল্লাশি করে অস্ত্র-গুলি ও ৫০ বোতল ফেন্সিডিল সহ তাদের আটক করা হয়।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সোহাম্মদ নুরনবী।
আটককৃতরা হলেন- ঢাকার ধামরাই থানার বাংগালা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল ইসলাম (২৮), ছোট সাকরাইল এলাকার সরেদব হালদারের ছেলে লিটন হালদার (২৭) ও মানিকগঞ্জের শিবালয় থানার খালিশা এলাকার আব্দুল আজিজের ছেলে আসলাম মিয়া (৩৫)।
পুলিশ জানায়, অস্ত্র-গুলি ও মাদকসহ তিন ব্যক্তি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে মাইক্রোবাসে আসছিলেন। তারা কুলাঘাট-বড়বাড়ি সড়ক দিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাকোয়া টিকটিকি এলাকায় অবস্থান নিয়ে মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালায়। এসময় পিস্তল-গুলি ও ৫০ বোতল ফেনসিডিল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাদল কুমার মন্ডল জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোথায় কার কাছ থেকে পিস্তল-গুলি ও মাদদকদ্রব্য নিয়েছেন সে ব্যাপারে এখনও জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

















