নওগাঁয় মাল্টিমিডিয়া রিপোর্টারদের মতবিনিময় সভা ও আহ্বায়ক কমিটি গঠন
১১ এপ্রিল ২০২৫, ১০:০৭ এএম
সভা শেষে সর্বসম্মতিক্রমে ৮ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক নির্বাচিত হন এম আর রকি এবং সদস্য সচিব শহিদুল ইসলাম। ছবিঃ এ কে নোমান।
নওগাঁয় কর্মরত মাল্টিমিডিয়া রিপোর্টারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফুড প্যালেস রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সভায় মাল্টিমিডিয়া সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে খোলামেলা আলোচনা হয়। বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা সময়ের দাবি। লিখিত প্রতিবেদনের পাশাপাশি ছবি, ভিডিও এবং তাৎক্ষণিক আপডেটের মাধ্যমে সংবাদ আরও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব হচ্ছে।
তারা আরও বলেন, প্রিন্ট মিডিয়ার তুলনায় মাল্টিমিডিয়া সাংবাদিকদের কাজের পরিধি ও চ্যালেঞ্জ বেশি হলেও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে তারা দিন দিন এগিয়ে চলেছেন। এ অঙ্গনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে আলোচনায়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সময় টিভির নওগাঁ প্রতিনিধি এম আর রকি, বার্তা২৪-এর শহিদুল ইসলাম, এটিএন নিউজ ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আব্দুর রাকিব, নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার সাফিউল ইসলাম রকি, প্রতিদিনের কাগজের নাজমুল হক, বরেন্দ্র রেডিওর অনুষ্ঠান প্রযোজক শরীফ উদ্দীন, দেশ প্রতিদিনের তৌফিকুর রহমান শিশির, আজকের পত্রিকা ও সময়ের আলো’র ধামইরহাট প্রতিনিধি অরিন্দম মাহমুদ, প্রতিদিনের চিত্র ও জনতার বার্তা'র নওগাঁ প্রতিনিধি এ কে নোমান এবং ঢাকা পোস্ট ৭১-এর আরিফসহ আরও অনেকে।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ৮ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক নির্বাচিত হন এম আর রকি এবং সদস্য সচিব শহিদুল ইসলাম। এই কমিটি ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ মাল্টিমিডিয়া রিপোর্টার সংগঠন গঠনের কার্যক্রম পরিচালনা করবে।
















