নওগাঁয় ছদ্মবেশে দুদকের অভিযান: নির্বাচন কার্যালয়ে টাকা লেনদেনের প্রমাণ মিলেছে

এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি-

২৩ জুন ২০২৫, ০৭:২১ পিএম


নওগাঁয় ছদ্মবেশে দুদকের অভিযান: নির্বাচন কার্যালয়ে টাকা লেনদেনের প্রমাণ মিলেছে

তবে নির্বাচন অফিসে কোনো ধরনের অনিয়ম বা টাকা লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব। ছবি- প্রতিনিধি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, সংগ্রহ, ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন সেবা গ্রহণে হয়রানি ও আর্থিক লেনদেনের অভিযোগে নওগাঁ জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় নির্বাচন অফিসে নগদ অর্থ লেনদেনের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

সোমবার (২৩ জুন) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁর উপ-সহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতার নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা ছদ্মবেশে সাধারণ সেবাপ্রার্থী সেজে প্রথমে অফিসে প্রবেশ করেন।

দুদক কর্মকর্তা মেহবুবা খাতুন রিতা জানান, অভিযোগের ভিত্তিতে সেবাপ্রার্থীর ছদ্মবেশে প্রবেশ করে দেখা যায়, প্রত্যেক সেবাপ্রার্থীর কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, নির্বাচন অফিসে এনআইডি সংশোধন বা অন্যান্য সেবার ফি অনলাইনে ব্যাংক চালানের মাধ্যমে জমা দেওয়ার কথা। অথচ সরেজমিনে দেখা গেছে, প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা করে নেয়া হচ্ছে। এসময় তাদের হাতে নগদ অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া যায়।

তিনি আরও বলেন, পরে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিবকে ঘটনাস্থলে ডেকে এনে এসব কর্মকাণ্ড দেখানো হয়। এরপর তার সঙ্গে কথা বলে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

তবে নির্বাচন অফিসে কোনো ধরনের অনিয়ম বা টাকা লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব। তিনি বলেন, “এনআইডির ক্ষেত্রে সরকার নির্ধারিত যে ফি রয়েছে, তা চালান বা অনলাইন পেমেন্টের মাধ্যমেই জমা দিতে হয়। অফিসে সরাসরি নগদ টাকা লেনদেনের সুযোগ নেই।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাপ্রার্থী জানান, ফরম পূরণ ও দ্রুত সেবা পাওয়ার জন্য অফিসের কিছু কর্মচারীকে তারা নগদ টাকা দিয়েছেন। কেউ কেউ বলছেন, নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা দিতে বাধ্য হয়েছেন।

এ ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন নাগরিকরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
 

 

Ads