খাগড়াছড়ি পরিস্থিতি:

১৪৪ ধারার মধ্যেই গুইমারায় সহিংসতা

খাগড়াছড়ি প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম


১৪৪ ধারার মধ্যেই গুইমারায় সহিংসতা


লমান উদ্ভূত পরিস্থিতি এবার ছড়িয়েছে খাগড়াছড়ি জেলার গুইমারায়। সেখানে ১৪৪ ধারার মধ্যেই সহিংসতার ঘটনা ঘটেছে। দুপুরে অবরোধ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার আঘাত ও গুলিবিদ্ধ হয়ে নারীসহ প্রায় ৩০জন আহত হয়েছেন। এরমধ্যে পাহাড়ি-বাঙ্গালী ও সেনাবাহিনীর সদস্য রয়েছেন। ওই ঘটনায় আহত ৪জনকে বিকালে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি গুইমারায়।

হাসপাতালে ভর্তি আহত ৪জন হলেন, অংচিং মারমা (১৬), বিকাশ ত্রিপুরা (২৬), চিংকিউ মারমা (২৬), উশ্য মারমা (২২)।

স্থানীয়ভাবে জানা যায়, স্কুলছাত্রী ধর্ষণ ঘটনার জেরে অনির্দিষ্টকালের সড়ক অবরোধকালে রবিবার বেলা ১২টার দিকে জেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা খাদ্য গুদাম এলাকায় ব্যারিকেড দিয়ে অবরোধ করছিলেন পিকেটাররা। এসময় আইন শৃংখলাবাহিনীর সদস্যদের সাথে তাদের উত্তেজনা দেখা দেয়। পিকেটারদের হামলায় এক সেনা কর্মকর্তা জখম হলে পিকেটার ও বাঙ্গালী; দুইপক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। সেনাবাহিনী ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। এসময় উপজেলার কয়েকটি সরকারি দপ্তর এবং রামছু বাজারে বেশ কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয়া হয়।

একটি সূত্র দাবি করেছে, ঘটনার সময় পাহাড়ের উপর থেকে একটি আঞ্চলিক সন্ত্রাসী দল ব্রাশফায়ার করলে কয়েকজন গুলিবিদ্ধ হন।

এদিকে রবিবার বিকেলে অজ্ঞাতনামা ৩জনের লাশ খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। তারা কোন ঘটনায়, কোথায় নিহত হয়েছেন, সে সম্পর্কে জানা যায়নি। এমনকি দায়িত্বশীল কেউ নিশ্চিত করেননি।

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা এবং অবরোধকে কেন্দ্র করে এখনো খাগড়াছড়ির পরিস্থিতি থমথমে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা কাজ করছে। দূর্গাপুজা শুরু হলেও মন্ডপে উপস্থিতি নেই বললেই চলে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও পুলিশ মাঠে রয়েছে। এছাড়া খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বহাল রয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানিয়েছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক ও শান্ত রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে পুলিশ।

Ads