সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও কর্মবিরতি


সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও কর্মবিরতি

 

‘সাংবাদিকদের নিরাপত্তা চাই—স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই’—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। পেশাগত নিরাপত্তা ও দায়িত্ব পালনের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে বুধবার (৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।

জেলার বিভিন্ন উপজেলা ও সদর থেকে আগত সংবাদকর্মীরা মানববন্ধনে অংশ নেন। এতে খাগড়াছড়ি প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা সংহতি জানান।

মানববন্ধন শেষে চার দফা দাবি তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ, প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক আব্দুর রউফ, কার্যকরী সদস্য জয়ন্তী দেওয়ান, গাজী টিভির প্রতিনিধি হলোপ্রুসাই মারমা, কালের কণ্ঠের (ডিজিটাল) প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও বাধার ঘটনা ক্রমেই বাড়ছে, যা মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের আয়না—তাদের কলম ও কণ্ঠরোধ মানে সত্য ও ন্যায়ের কণ্ঠরোধ। তাই রাষ্ট্র ও সমাজের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের অনিবার্য দাবি।

বক্তারা আরও বলেন, সংবিধান সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের অধিকার দিয়েছে। কিন্তু বাস্তবে বারবার সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরবতা উদ্বেগজনক। সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত না হলে গণতন্ত্র ও জবাবদিহিতা দুটিই প্রশ্নবিদ্ধ হবে।

কর্মসূচি থেকে সাংবাদিকরা অবিলম্বে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে বাধা ও হয়রানি বন্ধ করা, এবং সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান।

 

Ads