আলীকদমে একই বাড়িতে দ্বিতীয়বার ডিপ টিউবওয়েল বরাদ্দের অভিযোগ
০৫ আগস্ট ২০২৬, ১১:১৩ পিএম
বান্দরবানের আলীকদম উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডিপ টিউবওয়েল বরাদ্দকে কেন্দ্র করে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক মো. রবিউল ইসলামের বিরুদ্ধে ৩নং নয়াপাড়া ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের কাছ থেকে ডিপ টিউবওয়েল বরাদ্দের বিনিময়ে ১ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, আবুল কালামের বাড়িতে প্রায় তিন বছর আগে একটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হলেও একই বাড়িতে পুনরায় আরেকটি ডিপ টিউবওয়েল বরাদ্দ দেওয়া হয়েছে, যা সরকারি নীতিমালা ও বরাদ্দ প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।
অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে গেলে সাংবাদিকরা পূর্বে স্থাপিত ডিপ টিউবওয়েলের অস্তিত্ব দেখতে পান বলে দাবি করেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানোর পরিবর্তে অনিয়মের মাধ্যমে একই ব্যক্তি একাধিকবার সুবিধা পেয়েছেন। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত, বরাদ্দসংক্রান্ত নথিপত্র যাচাই এবং অভিযোগের সত্যতা উদঘাটনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আলীকদম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, অভিযোগকারী নিজে অফিসে এসে লিখিত অভিযোগ দাখিল করলে তা বিবেচনা করা হবে। সাংবাদিকদের দেখানো ভিডিও সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। এছাড়া তিনি বলেন, সাংবাদিকদের কাছে বক্তব্য দিতে তিনি বাধ্য নন। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
















