মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১৩০ জন

খাগড়াছড়ি প্রতিনিধি

১১ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম


মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১৩০ জন


খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১ নম্বর মানিকছড়ি ইউনিয়নের মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পে নেতৃত্ব দেন ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নাজীব (এএমসি)।

ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের ১৩০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। তাঁদের মধ্যে পাহাড়ি সম্প্রদায়ের ৭০ জন এবং বাঙালি সম্প্রদায়ের ৬০ জন ছিলেন।

এ ছাড়া সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী ও খাগড়াছড়ির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে দুটি হুইলচেয়ার ও তিন বান টিন বিতরণ করা হয়।

হুইলচেয়ার পান চেংগুছড়া গ্রামের হাবিল মিয়া ও তিনটহরী গ্রামের মালতি মারমা। টিন সহায়তা পান মনাঠন পাড়ার কুমার চাকমা, কন্জুরি পাড়ার ক্রাংনিয় মারমা এবং দশবিল গ্রামের আবুল খায়ের।

চিকিৎসাসেবা ও সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। স্থানীয়রা জানান, দুর্গম এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের এ ধরনের উদ্যোগ জনকল্যাণে ভূমিকা রাখছে।

Ads