পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
১২ আগস্ট ২০২৬, ০৬:৪৩ পিএম
পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির প্রতিষ্ঠাতা সবুজ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।
বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির উদ্যোগে প্রথমবারের মতো প্রকাশিত ‘প্রকৃতি’ বইটিতে পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ নিয়ে বিভিন্ন লেখকের নিবন্ধ স্থান পেয়েছে। এতে পার্বত্য অঞ্চলের প্রকৃতি ও জীববৈচিত্র্যরে নানা দিক তুলে ধরা আলোকচিত্রও রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের জীববৈচিত্র্য সংরক্ষণের দিক থেকে পার্বত্য চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি অঞ্চল। দেশের জীববৈচিত্র্যরে উল্লেখযোগ্য অংশ এ অঞ্চলে রয়েছে। তাই পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন উজাড় ও অপরিকল্পিত পাহাড় কাটা বন্ধসহ কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বক্তারা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

















