তৃণমূল থেকে ক্রীড়াজগতকে পেশা হিসেবে রূপ দিতে বদ্ধপরিকর সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম


তৃণমূল থেকে ক্রীড়াজগতকে পেশা হিসেবে রূপ দিতে বদ্ধপরিকর সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

 

খেলাধুলাকে একটি লাভজনক ও টেকসই পেশা হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায় থেকে যুগান্তকারী পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নতুন খেলার মাঠ নির্মাণ এবং উপজেলা পর্যায়ে আধুনিক মিনি স্টেডিয়াম স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বগুড়ায় এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায় থেকে নতুনভাবে কাজ শুরু করেছে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেন, আমাদের মূল লক্ষ্য হলো খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ এগিয়ে চলেছে।

বগুড়ার ক্রীড়া উন্নয়নে একটি বড় সুখবর দিয়ে প্রতিমন্ত্রী জানান, বগুড়ায় খুব শীঘ্রই ‘আরাফাত রহমান কোকো স্পোর্টস ভিলেজ’ নির্মাণ করা হবে। এ বিষয়ে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং অতি দ্রুত এর বাস্তবায়ন শুরু হবে। এছাড়া খেলার মাঠে দর্শকদের বসার দীর্ঘদিনের সংকট দূর করতে এই মাঠের চারপাশে দ্রুত স্থায়ী গ্যালারি নির্মাণের ঘোষণা দেন তিনি।

নিজের পুরোনো স্মৃতির কথা স্মরণ করে আমিনুল হক বলেন, নির্বাচনের কিছু দিন আগেও তিনি নিজে এই মাঠে এসে খেলেছেন। আজ সেই চেনা মাঠে ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে খেলাধুলার পরিসর ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে মোবাইল-ল্যাপটপের অতিরিক্ত আসক্তি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে খেলার মাঠগুলোকে মুখরিত রাখতে হবে।

উপস্থিত সকলের উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা আমাদের সন্তানদের ডিভাইসের হাত থেকে দূরে রাখতে চাই এবং একটি মাদকমুক্ত সমাজ গড়তে চাই। এ জন্য আজ যারা দর্শক সারিতে বসে আছেন, আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ, মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

উল্লেখ্য, জমজমাট এই ফাইনালে বগুড়া সিটি করপোরেশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

Ads