অতর্কিত পানছড়ি উপজেলা চেয়ারম্যানের বাসভবন ঘেরাও করেছে বিজিবি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০১৬, ০৫:৫৫ পিএম


অতর্কিত পানছড়ি উপজেলা চেয়ারম্যানের বাসভবন ঘেরাও করেছে বিজিবি

পানছড়ি: পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমার বাসভবন ঘেরাও করার অভিযোগ পাওয়া গেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোগাং জোনের (২০ ব্যাটালিয়ন) কর্তৃক।

শনিবার ২৪ সেপ্টে. রাত আনুমানিক ১০টার সময় লোগাং জোনের (২০ ব্যাটালিয়ন) বিজিবি’র একটি দল গাড়িযোগে উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমার বাসভবনে যায়। এসময় বিজিবি সদস্যরা বন্দুক তাক করে তার বাস ভবনে যায়।

জানা যায়, সেদিন বিজিবি সদস্যদের বহনকারী গাড়িটি ইউএনও-এর বাসার পাশ দিয়ে ঘুরে চেয়ারম্যানের বাসভবনে এসে দাঁড়ায়। কর্তব্যরত দারোয়ান গেইট খুলে দিলে তার কাছে চেয়ারম্যান বাসায় আছেন কিনা জিজ্ঞেস করে বিজিবি সদস্যরা? এসময় তাঁর বাসার নারী সহকারী চেয়ারম্যান স্যার নাই খাগড়াছড়ি গিয়েছেন জানালে বিজিবি সদস্যরা দমকের সুরে জানতে চান কত তারিখ গেছেন, কবে ফিরবেন ইত্যাদি। এরপর তারা সেখান থেকে চলে যান। লে. কর্ণেল আজিজ (পিএসসি) উক্ত জোনে কমান্ডার হিসেবে দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। প্রদিদিনের চিত্র প্রতিনিধি লে. কর্ণেল আজিজ (পিএসসি ‘র সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা’র সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন গতকাল রাত্রে আমি বাসায় ছিলাম না। রাত আনুমানিক ১০টার সময় বিজিবি’র সদস্যরা গাড়ি যোগে আমার বাসভবন ঘেরাও করে আমাকে খোঁজ করেছে বলে বাড়ীর লোকজন জানিয়েছে।

বিজিবি’র সদস্যরা কি কারণে বাসভবন ঘেরাও করে তাঁকে খোঁজ করেছে এমন জিজ্ঞাসা বাদে সর্বোত্তম চাকমা বলেন, তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। তবে, বিজিবি’র জোন কমান্ডার আমার কাছ থেকে কিছু প্রকল্প চেয়েছিল, আমি তা দিতে পারিনি। এছাড়া বিজিবি কর্মকর্তার বালু তোলা বিষয়ে অভিযোগ করলে জেলা প্রশাসক বালু উত্তোলন বন্ধ করে দেন। কিন্তু উনারা নিজেরাই বালু উত্তোলন করে নিজেদের গাড়িতে করে নিয়ে যান এবং স্লিপ দেন।

তিনি আরো বলেন, কিছুদিন আগে লোগাং বাজারের কাছে এক বাঙালির বাসায় জুয়ার আসর থেকে বিজিবি সদস্যরা বাঙালি জুয়ারিদের বাদ দিয়ে শুধুমাত্র পাহাড়িদেরকে ধরে এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়। অথচ সেখানে পাহাড়ি-বাঙালি উভয়ে একসাথে জুয়া খেলছিল।  দোষির বিচার সবাই চাই কিন্তু বাঙ্গালিদের ছেড়ে দিয়ে শুধুমাত্র পাহাড়িদেরকে শাস্তি দেওয়া এটি যৌক্তিক নয়। দোষী ব্যক্তির জাতি-বর্ণ-ধর্ম থাকা ইচিত নয়। নির্বিশেষে সবাইকে শাস্তি দেওয়া দরকার যেন কেউ এই ধরণের কাজে পরবর্তীতে আগ্রহ না দেখায়। এইসব বিষয়ে প্রতিবাদ, আলোচনা-সমালোচনা করার কারণে হয়ত আমার উপর চরম ক্ষোভ তৈরী হতে পারে। তাই প্রতিশোধ পরায়ন হয়ে এই কাজ করেছে ।

প্রতিদিনের চিত্র প্রতিনিধি সর্বোত্তম চাকমা (পানছড়ি উপজেলা চেয়ারম্যান) কে জানতে চান, এই ধরণের অনাকাঙ্খিত ঘটনার জন্য কোন আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা? উত্তরে তিনি বলেন সময় বলে দিবে কি করতে হবে।

Ads