যুক্তরাষ্ট্রে কলেজে ঢুকে এলোপাতাড়ি গুলি : নিহত ১৫
০২ অক্টোবর ২০১৫, ০৩:০২ পিএম
প্রতিদিনের চিত্র ডেক্স :: যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যের একটি কলেজে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
বৃহস্পতিবার ওম্পকুয়া কমিউনিটি কলেজে সবাই যখন ব্যস্ত তখন মানবিক বিভাগের ভবনে ঢুকে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে কলেজ জুড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
পুলিশের এক কর্মকর্তা জানান, হামলার খবর পেয়ে শতাধিক পুলিশ কলেজটিকে ঘিরে ফেলে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২০ বছর বয়সী হামলাকারী নিহত হয়। তার নাম ক্রিস হারপার মার্কার। সে রোজবার্গ এলাকায় বাস করতো। তার কাছে তিনটি অস্ত্র ছিল। এর মধ্যে কমপক্ষে একটি ছিল লম্বা নলওয়ালা বন্দুক ও অপরগুলো ছিল হ্যান্ডগান।
তিনি আরো বলেন, হামলাকারী ওই কলেজের শিক্ষার্থী কি না সে ব্যাপারে নিশ্চিত নই। একাধিক ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত ছিল কি না এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
এ ঘটনার পর হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। ওম্পকুয়া কমিউনিটি কলেজটি পোর্টল্যান্ড থেকে ২৮১ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এখানে প্রায় তিন হাজার শিক্ষার্থী পড়ালেখা করে
এর আগে ২০১২ সালে ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে সাবেক এক শিক্ষার্থীর হামলায় ৭ জন নিহত হয়।




















