মক্কায় ক্রেন দুর্ঘটনা: হতাহতদের ক্ষতিপূরণ দেবে সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৫, ১১:৪৮ এএম


মক্কায় ক্রেন দুর্ঘটনা: হতাহতদের ক্ষতিপূরণ দেবে সৌদি সরকার

প্রতিদিনের চিত্র ডেক্সঃঃ  মক্কায় আল হারাম মসজিদে ক্রেন ভেঙে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে দুই কোটি সাড়ে সাত লাখ টাকা (১০ লাখ সৌদি রিয়াল) দেওয়ার নিদেশ দিয়েছেন দেশটির বাদশা সালমান। একটি ডিক্রিতে মঙ্গলবার তিনি জানান, যারা আহত হয়েছেন তারা প্রত্যেকে পাঁচ লাখ সৌদি রিয়াল দেওয়া হবে। একই সঙ্গে সৌদি বিন লাদিন গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দেশ ছেড়ে না যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি।

সৌদি সরকার সমর্থক একটি সংবাদপত্র সৌদি গেজেটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দুইজন সদস্য বাদশার অতিথি হিসেবে ২০১৬ সালের হজ্জ পালন করতে পারবেন। আর যারা আহত হয়েছেন তাদেরও আগামী বছর হজ্জ পালন করার জন্য বাদশার অতিথি হিসেবে নিয়ে আসা হবে বলে পত্রিকাটি জানাচ্ছে। আর আহত হয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের পরিবারকে বিশেষ ভিসার ব্যবস্থা করে সৌদি আরবে আসার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, বাকর বিন মোহাম্মদ বিন লাদিনসহ কোম্পানিটির বোর্ড অফ ডাইরেক্টরস এবং এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বলা হয়েছে, তদন্ত শেষ হয়ে আদালতের রায় আসা না পর্যন্ত ওই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যাতে দেশ ছেড়ে না যায়।

গত শুক্রবারের ওই দুর্ঘটনায় অন্তত ১০৭ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি আছেন বলে তথ্য পাওয়া গেছে। তার নাম আবুল কাশেম (৪৬)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদের সুফিবাড়ির বাসিন্দা। আর আহত ২৩৮ জনের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশি ছিলেন বলে খবর পাওয়া যায়।

সূত্র: বিবিসি

Ads