মিয়ানমারে ভোটের দিন ঘর থেকে বেরুলেই গুলি’ পুলিশি হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর ২০১৫, ০৬:০৩ পিএম


মিয়ানমারে ভোটের দিন ঘর থেকে বেরুলেই গুলি’ পুলিশি হুমকি

আন্তর্জাতিক ডেস্ক :: মিয়ানমারে আজ ঐতিহাসিক নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কিন্তু এ নির্বাচনে অধিকাংশ মুসলিম ভোটার ভোট দিতে পারছেন না । বেশ কিছু এলাকার রোহিঙ্গা মুসলিমদের ভোটের দিন বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। ওইদিন তারা বাড়ি থেকে বেরুলেই তাদের গুলি করে হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছে।

স্থানীয় ‘দা বার্মা টাইমস’ পত্রিকায় ‘During elections, stay home or get shot’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর রাখাইন অঞ্চলের প্রবীণ রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী। এসময় তারা ওই মুসলিম জনগোষ্ঠীকে রোববার ভোটের দিন বাড়িতে থাকার নির্দেশ দেয়। এ নির্দেশ অমান্য করা হলে তাদের গুলি করে হত্যা করারও হুমকি দেয় তারা। তাদের আশঙ্কা, রাখাইন মুসলিমরা ভোটের দিন সরকারি কর্মকর্তাদের ওপর হামলা এবং নির্বাচন বানচাল করার চেষ্টা করতে পারে। ফলে তাদের গৃহবন্দি করে রাখার এই নির্দেশ।  পুলিশ কর্মকর্তারা তাদের হুমকি দিয়ে বলেছেন,‘ভোটের দিন ঘর থেকে এক পা বাইরে বের হবে না। বের হলেই গুলি।’

মিয়ানমারে গণতন্ত্রে ফেরার এ নির্বাচনটি শুরু থেকেই মুসলিম বিরোধী প্রচারনার রূপ নিয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী প্রার্থীরা ভোটারদের এই বলে দলে ভেড়ানোর চেষ্টা করেছেন, মুসলিমদের  ভোট দিলে তারা রাখাইন রাজ্যটি দখল করে নেবে। এছাড়া নির্বাচনের আগেই হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তাই মিয়ানমারের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে ৫ লাখ রোহিঙ্গা মুসলিম।

Ads