মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: মুসলিম ভোটাররা গ্রিন পার্টির দিকে ঝুঁকছেন

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর ২০২৪, ০২:১৮ পিএম


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: মুসলিম ভোটাররা গ্রিন পার্টির দিকে ঝুঁকছেন

ছবি- সংগৃহীত।

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিন আগে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, মুসলিম ভোটাররা ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর চেয়ে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের প্রতি বেশি আগ্রহী।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) কর্তৃক পরিচালিত জরিপে ৪২.৩ শতাংশ মুসলিম ভোটার স্টেইনের পক্ষে ভোটের কথা জানিয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৪১ শতাংশ এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৯.৮ শতাংশ ভোট।

গত আগস্টে একই সংস্থা কর্তৃক পরিচালিত জরিপে স্টেইন ও হ্যারিস উভয়ই ২৯ শতাংশ করে সমর্থন পেয়েছিলেন, আর ট্রাম্প পেয়েছিলেন ১১.২ শতাংশ।

সিএআইআর জানিয়েছে, ৩০-৩১ অক্টোবর পরিচালিত জরিপে ১০৪৯ জন মুসলিম ভোটার অংশগ্রহণ করেন। ৯৫ শতাংশ ভোটার ভোটদানে আগ্রহ প্রকাশ করেছেন।

সিএআইআর-এর ডেপুটি ডিরেক্টর এডওয়ার্ড আহমেদ মিচেল জরিপের ফলাফলকে অভূতপূর্ব বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলি আক্রমণের পরিপ্রেক্ষিতে মুসলিম ভোটারদের মধ্যে ক্ষোভ এই ফলাফলের প্রধান কারণ। প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের ইসরাইলপন্থী নীতির কারণে মুসলিম ভোটাররা ডেমোক্র্যাটদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন।

মুসলিম ভোটারদের ৯৫ শতাংশই ভোট দেওয়ার খবরে উচ্ছ্বসিত মিচেল বলেন, এটি অত্যন্ত ইতিবাচক একটি লক্ষণ। এই নির্বাচনে আমেরিকান মুসলিম সম্প্রদায় বড় বড় রাজ্যগুলোতে বড় ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

মিচেল মুসলিমদের ভোটদানে উৎসাহিত করে বলেন, ‘বের হন, ভোট দিন এবং মুসলিম শক্তি প্রদর্শন করুন।’

মূলত ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবং এর অংশ হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমর্থনের কারণে মুসলিম ভোটাররা ডেমোক্রেট প্রার্থীর প্রতি তাদের আস্থা হারিয়েছেন। মাঝে মধ্যে ইসরায়েলের কিছু সমালোচনা করলেও ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থনের কারণে কমলার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মুসলিম ভোটাররা। এমনকি মিশিগানের মতো গুরুত্বপূর্ণ একটি রাজ্যে মুসলিমরা সরাসরি ট্রাম্পের প্রতি সমর্থনের ঘোষণা দিয়েছেন।

 

Ads