হরমুজ প্রণালিতে জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব দিল্লির
১৯ এপ্রিল ২০২৬, ০৯:১২ এএম
হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার।
খবরে বলা হয়েছে, শনিবার প্রণালী অতিক্রমের সময় একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানি গানবোট থেকে গুলি চালানো হয়। এর আগে ‘ভাগ্য লক্ষ্মী’ নামের একটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সঙ্গে কথোপকথনের তথ্য প্রকাশ করেছিলেন।
ঘটনার পর দিল্লি গভীর উদ্বেগ প্রকাশ করে এবং ইরানের কাছে ব্যাখ্যা চায়। একই সঙ্গে ভারতমুখী সব বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকবে।
তাদের দাবি, যুক্তরাষ্ট্র এখনো ইরানের ওপর নৌ অবরোধ তুলে নেয়নি। তাই প্রণালির দিকে আসা যেকোনো জাহাজকে শত্রুপক্ষের সহযোগী হিসেবে দেখা হতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি হয়। এরপর কিছু সময়ের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছিল এবং কয়েকটি জাহাজ নিরাপদে চলাচল করেছিল।





















