ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
এশিয়াজুড়ে ভয়াবহ সুনামির আশঙ্কা, উপকূল ছাড়ার নির্দেশ
০৮ জুন ২০২৬, ০৯:২০ এএম
সোমবার সকালে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ফিলিপাইন। স্থানীয় সময় সকাল ৭:৪০ মিনিটে দেশটির মিন্দানাও দ্বীপে আঘাত হেনেছে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূগর্ভের মাত্র ৩৫ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি। শক্তিশালী এই ভূমিকম্পের পর ফিলিপাইনসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে উচ্চমাত্রার সুনামি সতর্কতা।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, এই ভূমিকম্পের প্রভাবে ফিলিপাইন উপকূলে প্রায় ১০ ফুট (৩ মিটার) উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এছাড়া পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও ৩ ফুটেরও বেশি উঁচু ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট দেশগুলোর উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। মিন্দানাও দ্বীপের একাধিক উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে। একটি ভিডিওতে দেখা যায়, একটি তিনতলা ভবন সম্পূর্ণ ধসে পড়েছে এবং ধূলিকণার মেঘে একটি রেস্তোরাঁ বিলীন হয়ে গেছে। আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
ভয়াবহ সুনামির আশঙ্কায় ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং জাপান সরকার যৌথভাবে সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচি এক বিশেষ বার্তায় জনগণকে সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, "যদি উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশনা আসে, তবে জীবন রক্ষার্থে সবাই যেন কোনো বিলম্ব না করে তা মেনে চলেন।"
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, উপকূলীয় এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ দ্রুত গতিতে চলছে। এখনো কোনো প্রাতিষ্ঠানিক প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে উদ্ধারকারী দলগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।



























