ইরানে পালটা হামলা ইসরাইলের, তেহরান-ইসফাহানে বিকট বিস্ফোরণ
০৮ জুন ২০২৬, ০৯:৩০ এএম
লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাত শুরু হয়েছে। রোববার রাতে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এবার ইরানে জোরালো পালটা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
সোমবার (৮ জুন) ভোরের দিকে ইরানের রাজধানী তেহরানসহ দেশের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে এই হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক গণমাধ্যম ও ইরানি বার্তা সংস্থাগুলোর তথ্যমতে, সোমবার ভোরে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হওয়ার পাশাপাশি একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বিভিন্ন শহর।
রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় অন্তত দুটি তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা আইআরএনএ এবং মেহের নিউজ। দেশটির মধ্যাঞ্চলীয় কৌশলগত শহর ইসফাহানে অন্তত তিনটি বড় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরেও বিস্ফোরণের খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থা আইআরআইবি।
হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম ও মধ্য ইরানে অবস্থিত বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে এই অভিযান চালিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও গত রোববার লেবাননের রাজধানী বৈরুতে এক ভয়াবহ হামলা চালায় ইসরাইল। এর তীব্র প্রতিবাদ ও জবাব দিতে রোববার রাতেই ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে সাফ জানিয়েছিল- আমরা ইসরাইল কর্তৃক যুদ্ধবিরতির এই নগ্ন লঙ্ঘন আর সহ্য করব না। রোববারের ক্ষেপণাস্ত্র হামলা তারই অংশ। একই সাথে তারা ইসরাইলকে সতর্ক করে বলেছিল, আবার কোনো হামলা চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে। আইআরজিসির সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে এই পালটা আঘাত হানল তেল আবিব।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ইসরাইলের এই ভোরের হামলার পর পুরো অঞ্চলজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।
(সূত্র: আলজাজিরা)





















