মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর সদরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে মেসার্স জামান ফার্মেসীকে ৩ হাজার টাকা এবং মেসার্স প্যানাসিয়া ফার্মেসীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স জামান ফার্মেসীতে বিক্রির জন্য নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেসার্স প্যানাসিয়া ফার্মেসীতে ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করা এবং ওষুধের পাতা এমনভাবে কাটার প্রমাণ পাওয়া যায়, যাতে মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে দেখা যায় না। এ কারণে প্রতিষ্ঠানটিকে একই আইনের ৫১ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনিছুর রহমান অভিযানটি পরিচালনা করেন। এ সময় মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার এএসআই আশরাফুল ইসলাম এবং পুলিশ সদস্য মো. গোলাপ হোসেন উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ওষুধ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণের তারিখ দৃশ্যমান রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি না করার বিষয়ে নির্দেশনা ও সতর্ক করা হয়।



































