বিএনপিসহ ২০ দলের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে ভুগছে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ নভেম্বর ২০১৫, ০৬:০৮ পিএম


বিএনপিসহ ২০ দলের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে ভুগছে

প্রতিদিনের চিত্র ডেস্ক :: চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে সারাদেশে আবারও ধরপাকড় শুরু হয়েছে। তাই বিএনপিসহ ২০ দলের নেতাকর্মীরা আবারও গ্রেফতার আতঙ্কে ভুগছে ।

গত সপ্তাহে সারাদেশে ২০ দলীয় জোটের ৫ হাজারেরও বেশি নেতাকর্মীকে আকট করা হয়েছে বলে বিএনপির একটি সূত্রে জানা যায়। এখনো প্রতি রাতে বিভিন্ন জেলায় অভিযান চালানো হচ্ছে এবং বিভিন্ন মামলার আসামী এবং ২০ দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

বিএনপি দাবি করছে, সরকার একতরফাভাবে স্থানীয় নির্বাচন করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন থেকে ২০ দলকে দূরে রাখতে নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা করছে।

এদিকে বিএনপির এ দাবির বিপক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই নাশকতাকারীদের গ্রেফতার করা হচ্ছে। বিএনপি বা জামায়াত-শিবিরের নেতাকর্মী ধরার জন্য এ গ্রেফতার অভিযান চালানো হচ্ছে না।

গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এ সরকার নিষ্ঠুর সরকার। তারা বিএনপির অনেক নেতাকর্মীকে কারাগারে রেখেছে। তারা চায় বিএনপির নেতারা সেখানে ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করুক।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও একতরফাভাবে করবে বলেই বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার করছে সরকার।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার জমির উদ্দিন সরকার বলেন, সরকার গণতান্ত্রিক আন্দোলন থেকে নিজেকে রক্ষা করতে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। মামলাকে সরকার একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

জেল-জুলুম ও অত্যাচার নির্যাতন করে করে ক্ষমতায় কখনো টিকে থাকা যায়না। গণতন্ত্রের বিজয় হবেই হবে।

Ads